ভালুকায় সরকারী খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকায় সরকারী ধোপাজান খাল জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার কাঠালী গ্রামে অবস্থিত আর্টি ডাইং মিলের বিরুদ্ধে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাজান খালটি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর হয়ে কাঠালী গ্রাম দিয়ে ভালুকা খীরু নদীতে প্রবাহিত হয়েছে। সোমবার (গত ০৯আগস্ট) সকাল থেকে ভ্যাকো দিয়ে মাটি কেটে আরসিসি ডালাই করে সরকারী ধোপাজান খালটি আটির্ ডাইং মিলের জবরদখলে নিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।গভীর ভাবে মাটি খননের কারণে খালের পাশে অবস্থিত শিরিনা আক্তারের বসতঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
শিরিনা আক্তারের বৃদ্ধ বাবা আব্দুল মান্নান পাঠান জানান, এই ধোপাজান খাল ও আমাদের জমিজমা নিয়ে আর্টি ডাইং মিলের সাথে দীর্ঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা চলে আসছে। গত মাসে এই খাল ও জমিজমা নিয়ে মারামারি হলে মিল মালিকের ছেলে একটি মামলা করেন। ওই মামলায় আমার মেয়ে শিরিনা, মেয়ের জামাতা ও ছেলেরা জেলহাজতে রয়েছেন। এ সুযোগে মিলের লোকজন আমাদের জমিসহ সরকারী খালটি বন্ধ করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করছেন। গত ১৪ জুলাই ফ্যাক্টোরির লোকজন আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
আর্টি কম্পোজিট মিলের এ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান,আমরাসরকারী কোন খাল জবরদখল করিনি। খাল দখলের কোন প্রশ্নই আসে না। সরকারী সার্ভিয়ার দিয়ে পরিমাপ করে সীমানা নির্ধারনের পর নির্মাণ কাজ করছি। সরকারী খালটি রয়েছে ২৬৭ দাগে আর নির্মাণ কাজ করছি ২৬৮ দাগে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুল ইসলাম জানান, পা কাটার ঘটনায় মামলাহয়েছে। ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী ৩জন আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন জানান, যেহেত সরকারী খালের সীমানা নির্ধারণ নিয়ে মামলা মোকদ্দমা চলমান। মামলা নিষ্পত্তিনা হওয়া পর্যন্ত উভয় পক্ষ স্ব স্ব অবস্থানে থাকবেন। কেউ কোনো কাজ করতে পারবেন না।আপাদত মিল কর্তৃক খাল খননের কাজটি বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গ: গত ১৪ জুলাই পানি নিষ্কাসনের জন্য খালের মাঝে কালর্ভাট স্থাপন করে মাটি ভরাট করার সময় মিল কর্তৃপক্ষকে আব্দুল মান্নান পাঠানের ছেলে জসিম পাঠান তাতে বাঁধা দেয় এসময় সংঘর্ষ বেঁধে যায়। এতে মিল মালিক আব্দুর রাজ্জাকের দুটি পা কুপিয়ে বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
স/বি

