বিয়ের সাত মাস আগে তালাক, সন্তান জন্মের একমাস পর বিয়ে!
ময়মনসিংহ বিভাগীয় প্রধান, শেখ বিপ্লব ।। বিয়ের সাত মাস পূর্বে তালাক দিয়েছেন স্ত্রীকে, তবে তারও একমাস আগে হয়েছেন পুত্র সন্তানের জনক! ঘটনা এখানেই শেষ নয়, মামলা থেকে বাঁচতে কনের অজ্ঞাতেই তৈরি করেছেন বিয়ের কাগজপত্র। আনসার সদস্যের এমন কান্ড হতবাক সবাই।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বৃ-নহাটা গ্রামে। অভিযুক্ত আনসার সদস্য মোঃ মাহবুব আলম মোঃ সাহাব উদ্দিনের ছেলে। বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেছেন চাচাতো বোন শামছুন্নাহারকে।
ভুক্তভোগী মোছাঃ শামসুন্নাহার জানান, মাহবুব তার চাচাতো ভাই, ২০২১ সালে একসন্তানের জনক মাহবুবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে যান। ঘটনাটি জানা জানি হলে মাহবুবকে বিয়ের জন্য চাপ দেয় শামসুন্নাহারের পরিবার। কিন্তু মাহবুব বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
পরে শামছুন্নার গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মাহবুবের নামে। পুলিশ মাহবুবকে গ্রেপ্তার করলে আপোষের জন্য মরিয়া হয়ে উঠে মাহবুব ও তাঁর পরিবার। জামিনে এসে শাসছুন্নাহারকে আনুষ্ঠানিক বিয়ের প্রতিশ্রুতি দেয় তাঁরা। তাই আদালতে উপস্থিত হয়ে মাহবুবের জামিন চান তিনি, মহামান্য আদালত বিয়ের শর্তে মাহবুবকে জামিন দেয়।
এদিকে ২০২১ সালের ৮ আগস্ট ময়মনসিংহে একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে একপুত্র সন্তানের জন্মদেন শামছুন্নাহার। এই ফাঁকে বিয়ের নকল কাগজপত্র তৈরি করে আদালতে দাখিল করেন মাহবুব, আদালত তাকে স্থায়ী জামিন দেন। জামিন পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেন মাহবুব।
সন্তান জন্মের মাত্র ১৯ দিন পর শামছুন্নাহারকে ব্যাপক মারধর করেন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসক জানান, শামছুন্নাহারের জরায়ু ফেটে গেছে। সেই থেকে সন্তানকে নিয়ে অধিকার আদায়ের লড়াই করে যাচ্ছেন শামছুন্নাহার।
বর্তমানে ছেলে লাবীবের বয়স প্রায় ৫ বছর। সম্প্রতি তিনি জানতে পারেন মাহবুব তাকে তালাক দিয়েছেন। কাগজপত্র সংগ্রহ করে দেখেন- ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে তালাক দিয়েছেন মাহবুব, কিন্তু আদালতে মাহবুব বিয়ের যে কাবিননামা দাখিল করেছে, সেখানে তাদের বিয়ের তারিখ ০৫/০৯/২০২১ইং।
এব্যাপারে আনসার সদস্য মোঃ মাহবুব আলম বলেন- বিয়ের আগে আসলে তালাকের সুযোগ নেই, আমাদের বিয়ে হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। এখানে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, সাক্ষাতে বিস্তারিত আলাপ করব।