বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, নেদারল্যান্ড চায় সমতা
রাহুল রাজ ।। আত্মবিশ্বাস তুঙ্গে! এই প্রবাদের উদাহরণ যারা স্বচক্ষে দেখতে চান তাদের জন্য বড় অনুকরণ হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান অবস্থা। নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে টিমটাইগারদের আত্মবিশ্বাস রয়েছে সপ্তমে।
টি-টোয়েন্টিতে ৩৯ বল হাতে রেখে জয় তুলে নেওয়াটা নিছক কোন সাধারণ ব্যাপার না। সমালোচকরা বলতেই পারে প্রতিপক্ষ নেদারল্যান্ডের মতন খর্ব শক্তির দল। জয় যাদের বিপক্ষেই হোক, দিনশেষে এই বড় জয় ইতিহাসের পাতা থেকে কোনভাবেই মুছে ফেলা যাবে না। সাইফের কাম ব্যাক ও লিটনের রানে ফেরা দুটোই দলের আত্মবিশ্বাস বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে।
ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তান সিরিজেও লিটনের ব্যাট ব্যর্থ ছিল। মিরপুরের তিন ম্যাচে তিনি করেন যথাক্রমে ১,৮ ও ৮ রান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডের বিপক্ষে নিজের ১৩ তম অর্ধশত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এই ব্যাটিং জিনিয়াস। ১৯ বলে ৩৬ রানের ইনিংসের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে সাইফ হাসান নিজের কাম ব্যাক কে স্মরণ করে রেখেছেন।
এদিকে তাওহীদ হৃদয়ের স্থানে খেলতে নেমে সাইফ হাসান যে পারফরম্যান্স করেছে তাতে আজকের ম্যাচে দল নির্বাচনে হিমশিম খেতে হবে নির্বাচকদের। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে নেদারল্যান্ড। কিন্তু সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি বাংলাদেশের বোলারেরা।
স্পিন বা গতি কোন বলকেই তারা বুঝে উঠতে পারেননি। ফলস্বরূপ সাজঘরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেয় অতিথিরা। ১৩৬ রানে অলআউট হয়ে যায় কমলা শিবির। ১-০ তে সিরিজ এগিয়ে থেকে আজ সন্ধ্যা ছয়টায় আবার সিলেটে মুখোমুখি হচ্ছে দুই দল। উইনিং কম্বিনেশন ধরে রাখতে দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজই সিরিজ নিজেদের করতে মরিয়া হয়ে মাঠে নামছে লিটনের দল। আজ টসে বাংলাদেশ জিতলে প্রথমে ব্যাটিং করতে চাইবে। সে ক্ষেত্রে নিজেদের ব্যাটিং ঝালিয়ে স্কোরবোর্ডে ২০০ প্লাস রান যোগ করতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ। সেক্ষেত্রে জাকির আলীর পাওয়ার হিটিং দেখার জন্য মুখিয়ে আছে বাংলার ক্রিকেট ভক্তরা। প্রথম ম্যাচে যে কয়টি ছক্কা এসেছে তা প্রতিটি ছিল দৃষ্টিনন্দন।
পাওয়ার হিটিং কোচের সংক্ষিপ্ত শিক্ষা যে কাজে দিয়েছে তার প্রতিফলন মাঠে দেখা গিয়েছে। সিলেটের উইকেটের সঙ্গে আবুধাবির উইকেটের চারিত্রিক কিছুটা মিল রয়েছে। এই উইকেটে ১৬০ থেকে ১৭০ এভারেজে স্কোর। তবে প্রথমে বাংলাদেশ ব্যাটিং করলে ২০০ প্লাস রান স্কোরবোর্ডে জামা হতে পারে এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ব্যাটিং গভীরতা রয়েছে যথেষ্ট।
প্রত্যেকে নিজেদের কাজটুকু ঠিক মতন করতে পারলে স্কোরবোর্ডে বড় সংগ্রহ শুধুমাত্র সময়ের ব্যাপার। নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ জয় ছিল প্রত্যাশিত। পচা শামুখে যাতে পা না কাটে সেই সাবধানতায় সতর্কী শুরু করেছিল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়া ছিলো তার প্রমাণ। সিরিজের প্রথম ম্যাচ জিতে অধিনায়ক লিটন জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের।
ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং তিন বিভাগেই প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল বাংলাদেশ। জাকির আলী অনিকের দুর্দান্ত ক্যাচ যেমন ছিল চোখে পড়ার মতন তেমনি সাইফ হাসানের পরপর দু’ বলে দুটি বিশাল ছক্কা ছিল ব্যাটিং শক্তিমত্তার নিদর্শন। ম্যাচ সেরা তাসকিনের চার উইকেট বা মোস্তাফিজুর রহমানের কাটার প্রতিপক্ষের জন্য ছিল মূর্তিমান বিভীষিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
পারভেজ হোসেন ইমন প্রথম তিন বলেই ১৪ রান তুলে তার প্রমাণ দিয়েছিল। অপ্রত্যাশিত কোন ঘটনা না ঘটলে আজকেও বড় জয়ের সঙ্গে সিরিজ নিজেদের করতে কোন বাধার মুখে পড়তে হবে না টিম বাংলাদেশকে।
এদিকে নেদারল্যান্ড ও মরিয়া সিরিজের সমতা ফেরাতে। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ যদি বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত কিছু করতে পারে তবে সিরিজে সমতা ফিরলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে দুই দলের শক্তিমত্তার পার্থক্য সেই সম্ভাবনাকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে গেছে। ক্রিকেট ইতিহাসে অঘটন ঘটার নজির হয়েছে বহুবার। তবে বাংলাদেশের দুর্ভেদ্য দুর্গকে গুঁড়িয়ে দেওয়া অনেকটা কঠিন হবে নেদারল্যান্ডের জন্য।
সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ক্রিকেট ভক্তরা চাইবে আজই সিরিজ নিজেদের করতে। নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে ভক্তদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা।
কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? গ্রাম বাংলা প্রচলিত একটি কথা। এই সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইন্ডিয়ার। তবে দুর্বল অজুহাতে ইন্ডিয়া বাংলাদেশ সফর বাতিল করলে শূন্যস্থান পূরণে নেদারল্যান্ডকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় আত্মবিশ্বাস বাড়াবে সেটা ঠিক। কিন্তু এশিয়া কাপের আগে এই জয়ে নিজেদের কতটুকু ঝালিয়ে নিতে পারল সেটার প্রশ্ন থেকেই যাচ্ছে। এশিয়া কাপে আফগানিস্তান-শ্রীলঙ্কার মত দলের বিপক্ষে বাংলাদেশ কতটুকু জ্বলে উঠতে পারবে তার উত্তর সময় এর কাছে তোলা থাকলো।
স/এষ্

