তারাকান্দায় এনসিপি নেতার ওপর ছাত্রলীগের হামলা: রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে তারাকান্দা বাজারের গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মনজুরুল হক, যিনি স্থানীয়ভাবে এনসিপির নেতা হিসেবে পরিচিত। হামলার পর তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের নেতা ইজারুল ইসলাম (২৮), সুমন মিয়া (২৮)সহ আরও কয়েকজন মনজুরুল হককে গরুহাটা এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে তারা চাইনিজ চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় মনজুরুল হক গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

