বাঘারপাড়ার ইশরা এখন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
আজম খাঁন, (যশোর) : যশোরের বাঘারপাড়ার মেয়ে শামামা তাবাস্সুম ইশরা কানাডার গবেষণাধর্মী টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। আগামী সেপ্টেম্বর সেশনে তিনি হেলথ সায়েন্স (স্বাস্থ্য বিজ্ঞান) বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হবেন। এতে খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজন।
ইশরা উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মাসুম হোসেন্ পেশায় ফার্মাসিস্ট ও মা সেলিনা আক্তার নিলু গৃহিণী।
ইশরার দাদা চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম জানান, ‘আমার ছেলে মাসুম হোসেন (ইশরার বাবা) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিষয়ে লেখাপড়া শেষ করে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। সেখান থেকেই কানাডায় কাজের সুযোগ (ওয়ার্ক পারমিট) চেয়ে আবেদন করে। কানাডা সরকার তার আবেদনে সাড়া দিলে ২০১৩ সালে সপরিবারে কানাডায় চলে যায়। তিনি আরও বলেন, নাতনি ইশরা পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার সফল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।’
ইশরার বাবা মাসুম হোসেন জানান, ২০১১ সালে ঢাকার গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। এরপর ২০১৩ সালে কানাডায় লেখাপড়া শুরু করে। গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে হাইস্কুল ডিপ্লোমা (গ্রেড-১২) অর্জন করে ইশরা। শুধু তাই নয়, গ্রেড-১২ পর্যন্ত প্রতিবছর একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডও অর্জন করেছে ইশরা। তিনি মেয়ের এ সাফল্যে গর্বিত।

