রাজশাহীতে পরিত্যক্ত থানা ভবনের সামনে থেকে লাশ উদ্ধার
মঈন উদ্দিন : রাজশাহীর নওহাটা বাজার এলাকায় পবা থানার পরিত্যক্ত ভবনের সামনে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
পবা থানার উপপরিদর্শক মো. সাইমন ইসলাম বলেন, সকালে এলাকাবাসী পুরোনো পবা থানার ভবনের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় কয়েক দিন ধরে এই এলাকায় ছিলেন। রাতে এখানে এসে ঘুমাতেন। এলাকাবাসী খাবার দিতেন। এলাকাবাসী কেউ তাঁর নাম–পরিচয় দিতে পারেননি। তবে তিনি হিন্দু ধর্মাবলম্বী বলে তাঁরা জানতে পেরেছেন।
পবা থানার ওসি সিরাজুম মনির বলেন, ওই ব্যক্তির গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, বার্ধক্যের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের পাওয়া গেলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
স/এষ্

