সিলেটের গোয়াইনঘাটে যুবকের
ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আলমাছ মিয়া (৩৭) নামের এক ইঞ্জিন নৌকা চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকার নদীর ঘাটে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
হত্যাকান্ডের শিকার আলমাছ মিয়া উপজেলার নবগঠিত মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের রহিম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইঞ্জিন নৌকা চালক ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলমাছ মিয়া বাংলাবাজার এলাকায় নদীর ঘাটে বাঁধা অবস্থায় তার ইঞ্জিন নৌকাটি দেখতে যান। এসময় একই এলাকার মনু মিয়ার ছেলে এবাদুল (২১) তাকে ডাক দেয়।
পরে আলমাছ মিয়া তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই মাদকাসক্ত এবাদুল তার সাথে থাকা ছুরি দিয়ে আলমাছকে আঘাত করে পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ আলমাছের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, ঠিক কি কারণে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে প্রাথমিক ভাবে কেউ কিছু বলতে পারছেন না।
ঘটনার পর গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
খুনের সাথে জড়িত ব্যক্তিকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসামী আটক হলেই হত্যার রহস্য উদঘাটন হবে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
স/অ

