সাটুরিয়ায় পিকআপ চাপায় কলেজছাত্রীর মৃত্যু
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পিকআপ চাপায় স্বপ্না আক্তার (১৭) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার উপজেলার তিল্লী ইউনিয়নের পাচুটিয়া গ্রামের শহিদের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে স্বপ্না তার বাবার (শহিদ) সঙ্গে ভ্যানে করে বাংলাদেশ হাটে যাচ্ছিল। পথিমধ্যে তিল্লী ব্রিজের দক্ষিণ পাড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়।
এতে গুরুতর আহত হন স্বপ্না ও তার বাবা। ঘটনার পর পিকআপের চালক ও স্থানীয়রা তাদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বপ্নাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বাবা ভ্যানচালক শহিদ বলেন, আমি ভ্যান চালাই। প্রতিদিনের মতো আজকে সকালেও ভ্যান নিয়া বের হওয়ার সময় মেয়ে বললো বাবা আমাকে বাংলাদেশ হাট পর্যন্ত নিয়ে যাও। মাঝে মধ্যেই ওরে (মেয়ে) বাংলাদেশ হাট পর্যন্ত নিয়ে যাই। কিন্তু আইজক্যা আর মেয়েকে নিয়া যাইতে পারলাম না।
তিল্লী ব্রিজের দক্ষিণ পাড়ে যাওয়া পরে একটি পিকআপ আমাদের চাপা দেয়। হাসপাতালে আনার পরে ডাক্তার কইলো আমার মেয়ে আর বেঁচে নাই। আর কোনোদিন মেয়ে কইবো না বাবা আমারে তোমার লগে নিয়া যাইয়ো।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরে পিকআপের চালক আমাদের সঙ্গে হাসপাতালে আসছিলো। মেয়ে মারা যাওয়ার কথা শুনে পিকআপ চালক পালিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা কইরা কি হইবো, আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। আমার মেয়ে রোজাও রাখছিলো।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, তিল্লী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স/এষ্

