জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার আহবান
নিজস্ব প্রতিবেদক : আজকের শিশু ও কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই এদেশ মাতৃকা- জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে। তাই শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তিনি বুধবার (২৩.০৩.২০২২) সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) স্কুল এন্ড কলেজ কর্তৃক ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস’’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গৌরবজনক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনসংগ্রাম এবং তাঁর আদর্শ সঠিকভাবে বর্তমান প্রজন্মের সকল শিশু কিশোর এবং ছাত্র-ছাত্রীদের যত্নের সাথে জানাতে হবে।
উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশকে আজকের শিশুরাই হাল ধরে এগিয়ে নিয়ে যাবে।
এইআরই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক, সম্মানিত অতিথি ছিলেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. দেবাশীষ পাল।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এইআরই এর বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সুধীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সকলেই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে এইআরই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যেখানে শিশুরা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করেন। মন্ত্রীসহ আগত সুধীমন্ডলী অনুষ্ঠানটি উপভোগ করেন।
স/এস্

