প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক লালমনিরহাট ।। সোমবার ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল সাড়ে ৩টা থেকে শহরের মিশন মোড় চত্বরে ওই মানববন্ধনে অংশ গ্রহণ করেন, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষকবৃন্দ।
দশম গ্রেডসহ ৩ দফা দাবিতে গত শনিবার আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলেন। সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জের মাধ্যমে শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ওই ঘটনার প্রতিবাদে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন।
সহকারী শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে সহকারি শিক্ষক খালেদ বিন ওয়ালিদ, নুর বানু, তারিকুল ইসলাম, রাসেল হোসেন প্রমূখ। একাত্মতা ঘোষণা করেন মানববন্ধনকারী শিক্ষকরা। একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন এ্যাডভোকেট শামসুল ইসলাম মিলন।
মাবববন্ধনে বক্তব্যে শিক্ষকবৃন্দ জানান, দশম গ্রেডসহ ৩ দফা দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে সরে আসবেন না।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। গত রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোতে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।