রাজধানীর আশকোনায় র্যাবের হাতে গ্রেপ্তারের পর নিহত জঙ্গি মো. হানিফ মৃধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হানিফ মৃধার ছোট ভাই হালিম মৃধার কাছে লাশ হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে অজ্ঞাতনামা হামলাকারী নিহত হন। র্যাবের দাবি হামলার দিন সন্দেহভাজন হিসেবে হানিফকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব অফিসে নেওয়ার পর তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে হানিফের পরিবারের দাবি, ডিবি পরিচয়ে কয়েকজন লোক গত ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাঁকে ও তাঁর বন্ধু সোহেল হোসেনকে ধরে নিয়ে যায়। পরে র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা হানিফকে সঙ্গে নিয়ে দুই দফায় তাঁর রায়েরবাজারের বাসায় এসে টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়। আর সোহেলের পরিবার বলছে, নিখোঁজের পর থেকে তাঁর খোঁজ নেই। হানিফের গাড়ির ব্যবসা ছিল।

