সাভারে দুই আবাসিক হোটেলে অভিযানে আটক ৯, ‘ইউটিউব অভিনেতা’ গণধোলাইয়ের শিকার
নিজস্ব প্রতিবেদক, সাভার: সাভারের বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৯ জন নারী ও পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত সাভারের নবীনগর ও বিশ মাইল এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে শুভ মন্ডল নামে এক যুবক নিজেকে ইউটিউব অভিনেতা পরিচয় দিয়ে এক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
নবীনগর ‘বন্ধন’ হোটেলে প্রথম অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগর এলাকার হোটেল ‘বন্ধন’-এ প্রথম অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতীসহ মোট ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— হোটেলের ম্যানেজার জামাল মিয়া (৩২), শুভ মন্ডল (২৩), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
অভিনয়ের প্রলোভনে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
জিজ্ঞাসাবাদ ও উদ্ধার অভিযানের সময় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আটককৃত শুভ মন্ডল একেক সময় একেক পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে কখনও নিজেকে সাংবাদিক, আবার কখনও ইউটিউব অভিনেতা হিসেবে দাবি করে।
অভিযানের সময় তার সাথে থাকা তরুণী পুলিশকে জানান, ইউটিউবে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে শুভ মন্ডল তাকে কৌশলে এই হোটেলে নিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই তরুণীকে উদ্ধার করে।
এদিকে এই প্রতারণার বিষয়টি জানতে পেরে হোটেলের বাইরে থাকা স্থানীয় উত্তেজিত জনতা শুভ মন্ডলকে গণধোলাই দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে। আটক হওয়ার পর শুভ মন্ডল পুলিশের কাছে নিজের সামাজিক মর্যাদা রক্ষার জন্য হাত-পা ধরে আকুতি-মিনতি করতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, শুভ মন্ডলের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দোলাকান্দা গ্রামে। সে মূলত ধামরাইয়ের একটি মোবাইল দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত।

অভিযুক্ত শুভ মন্ডল
বিশ মাইল এলাকায় দ্বিতীয় অভিযান
নবীনগরের অভিযানের পরপরই বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের দলটি সাভারের বিশ মাইল এলাকার ‘ঢাকা প্যালেস’ হোটেলে দ্বিতীয় অভিযান চালায়। সেখান থেকেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই যুবক ও দুই যুবতীকে আটক করা হয়। তারা হলেন— মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) এবং মনি আক্তার (১৯)।
আইনি পদক্ষেপ
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সাথে অভিনয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের এভাবে ফাঁদে ফেলার পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।
সাংবাদিক পরিচয়ে শুভ মন্ডলের প্রতা*রণা, টার্গেট হতে পারেন আপনিও

