পবিত্র ‘লাইলাতুল কদর’ আজ। এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাত। লাইলাতুল কদর আরবি শব্দ। এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী।
আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা।
এ রাত্রিকে লাইলাতুল কদর হিসেবে নামকরণ করার কারণ হলো, এ রজনীর মাধ্যমে উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি করা হয়েছে বা এ রাতে মানবজাতির তাকদির পুনর্নির্ধারণ করা হয়। তাই এ রজনী অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত।
আজ ২৬ রমজান। সন্ধ্যা থেকেই ২৭ রমজান শুরু হবে। আজকের রাতটি রমজনের শেষ দশ দিনের বিজোড় রাত। এ রাতে লাইলাতুল কদর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লাইলাতুল কদরের জন্য সুনির্দিষ্ট কোনো রাতকে নির্ধারণ করা হয়নি। বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতে ‘লাইলাতুল কদর’ তালাশ করো। আজ যেহেতু বিজোড় রাত। এ রাতে আলেমদের অনেকেই লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে মত দিয়েছেন। তাই আজকের রাতে লাইলাতুল কদর লাভে বেশি বেশি ইবাদত করা আবশ্যক।
বিশ্বের মুসলমানরা এ রাতকেই লাইলাতুল কদর ভেবে সারা রাত জেগে নামাজ, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, কুরআন তেলাওয়াতসহ যাবতীয় ইবাদত-বন্দেগিতে মাধ্যমে কাটাবেন। লাইলাতুল কদর যেহেতু হাজার মাস অপেক্ষা উত্তম রাত।
তাই বান্দার জন্য এ রাতের হক বা অধিকার হলো আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি মানুষের দুনিয়ার জীবনে সুখ-শান্তির আবেদন-নিবেদন আল্লাহর দরবারে পেশ করা। যাতে এ রাতে আল্লাহ আয়ালা বান্দার জন্য সর্বোত্তম ভাগ্য নির্ধারণ করেন। দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করেন।

