বিভিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক পদে গোলাম মনোয়ারের যোগদান
গোলাম মনোয়ার কামাল বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের (বিভিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে সম্প্রতি যোগদান করেছেন এবং আনুষ্ঠিানিকভাবে তিনি তার যোগদানপত্র বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. সবুর খানের হাতে তুলে দেন। কর্মজীবনে গোলাম মনোয়ার কামাল এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকায় জাতিসংঘের তথ্য ব্যবস্থাপনা ইউনিট, প্রকল্প সমন্বয়ক, অর্থ-বিনিয়োগ পরিকল্পনা এবং উন্নয়ন উদ্ভাবন পর্যবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করেছেন।
বিগত ২৭ বছরের কর্মজীবনে গোলাম মনোয়ার কামাল ১২ বছর জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে কাজ করেছেন। কর্মজীবনে তিনি বিশ্বের ১৪টি দেশে কর্মরত ছিলেন এবং ৮০টি দেশ ভ্রমণ করেছেন। ১৯৮৯ সালে ইউএসএআইডির ঢাকা কার্যালয়ে পরিবেশ বিজ্ঞানী হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। জাতিসংঘে কর্মরত অবস্থায় তিনি বেশির ভাগ প্রকল্প পরিচালনা করেন বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। ১৯৯৯ সালে গোলাম মনোয়ার কামাল যুক্তরাষ্ট্রের ওয়শিংটন ডিসিতে ডব্লিউ ডব্লিউ এফ-ইউএস এর আন্তর্জাতিক ফেলো হিসেবে ভূষিত হোন। এরপরের বছর ২০০০ সালে তিনি জাতিসংঘের মাঠ সমন্বয়ক (ফিল্ড কোঅর্ডিনেটর) হিসেবে যোগ দেন। পরবর্তিতে ২০১২ সাল পর্যন্ত তিনি জ্যেষ্ঠ পরামর্শক পদে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে গোলাম মনোয়ার কামাল তার উচ্চতর ডিগ্রি অর্জন করেন থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি) এবং কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বাংলাদেশ সোসাইটি অব জিওইনফরমেটিক্সের (বিএসজিআই) প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিরও একজন সদস্য। ২০১৩ সালে বাংলাদেশে ফেরার পর গোলাম মনোয়ার কামাল ইনোভেশন হাব প্রতিষ্ঠা করেন এবং সেখানে এখন পর্যন্ত পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
স/মা

