জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা
লাভলু শেখ, লালমনিরহাট।। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওরফে জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, লালমনিরহাটে ঘটনার দীর্ঘ সাড়ে ৭ বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে ওই মামলা হয়।
লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা খলিলুর রহমান।
বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ -সভাপতি।
মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর মনোনীত পোলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন।
পরদিন ভোট গ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনার প্রায় সাড়ে ৭ বছর পরে তিনি মামলা দায়ের করে।
জিএম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। যার মামলা নং ৩।
বুধবার ৪ জুন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

