গৌরীপুরে ভীমরুলের কামড়ে আহত অর্ধশত পথচারী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভীমরুলের কামড়ে অর্ধশত পথচারী আহত হয়েছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব পথচারী আহত হন।
আহত গাভীশিমুল গ্রামের রমজান, শ্যামগঞ্জ বাজারের রিপন, লামাপাড়া গ্রামের রাহিমা, কাউরাট গ্রামের সোহেল রানা জানান- তাঁরা ব্যাটারী চালিত অটোরিকশায় বিভিন্ন স্থানে যাচ্ছিলেন, এসময় গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসতেই শতশত ভীমরুল তাদের আক্রমণ করে। এতে অনেক পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। অর্ধশতাধিক পথচারী ভীমরুলের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে কিছু পথচারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, অন্যরা বাড়িতে চলে গেছেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হারুন জানান- ১০ টার পর থেকে হঠাৎ করেই ভীমরুলের কামড়ে আহত লোকজন হাসপাতালে আসতে থাকেন। ইতিমধ্যে ২০ জন হাসপাতালে এসেছেন, কয়েকজন শিশুও রয়েছে, আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ বলেন- বিষয়টি শুনেছি, ভীমরুলের বাসাটি অপসারণের চেষ্টা চলছে।

