খিলক্ষেতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
মোল্লা তানিয়া ইসলাম তমা ।। রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় রায়হান সরকার নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিথী আক্তার জানান, ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। বছর দেড়েক ধরে তিনি খিলক্ষেত থানায় কর্মরত রয়েছেন । স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান । তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামে ।
রায়হানের বাবা আবদুস সোবাহানও পুলিশে কর্মরত ছিলেন । খিলক্ষেত থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন । তখন একটি ট্রাক তাঁকে চাপা দেয় ।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে । দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান এসআই আবদুল আজিজ ।
স/এষ্

