গৌরীপুরে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দর্শকের ঢল, বিজয়ী নেত্রকোণা একাদশ
গৌরীপুর প্রতিনিধি- বন্যার্থদের জন্য তহবিল সংগ্রহ করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ঢল নেমেছে।
সোমবার বিকালে গৌরীপুর স্টেডিয়ামে নেত্রকোণা জেলা একাদশ বনাম গৌরীপুর উপজেলা একাদশের মাঝে অনুষ্ঠিত এ খেলা দেখতে প্রচন্ড রোদে সহস্রাধিক দর্শক উপস্থিত হয়েছিলেন মাঠে। খেলায় নেত্রকোণা জেলা একাদশ ২-০ গোলে বিজয়ী হয়।

কোন টিকেটের ব্যবস্থা না থাকলেও উপস্থিত দর্শকেরা বন্যার্থদের জন্য সাহায্য বাক্সে স্বউদ্যোগে আর্থিক অনুদান দিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ স্কাউটস এর গৌরীপুর শাখার সদস্যরা আয়োজকদের সহযোগিতা করেছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে এবং গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ বিপ্লবের ধারাভাষ্যে অনুষ্ঠিত এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রীড়াবিদ নজরুল ইসলাম, মন্জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও মোস্তফা মনা।
এতে উপস্থিত ছিলেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সুজিত চন্দ্র দাস, সাবেক ফুটবলার মাইনুস ছালাম রিপন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, সাবেক ফুটবলার মোয়াজ্জেম, হারুন, ক্রিকেটার হাক্কেল মবিন মুন্সী প্রমুখ।

