গৌরীপুরে ২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুরে ২০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী উপজেলার ২ নম্বর গৌরীপুর সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোস্তফা (৪৫)। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে নিজ বাড়ি থেকে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে মোস্তফার বাড়িতে যায় গৌরীপুর থানার সাদা পোশাকের একটি দল। এসময় দরদাম নিশ্চিত করে ইয়াবা কিনতে তার ঘরে প্রবেশ করে তাঁরা। মোস্তফা ইয়াবা বের করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা পাওয়া যায় তার কাছে। গৌরীপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) শফিকুল আলম, মোঃ শরিফ হোসেন, উপসহকারী পরিদর্শক (এএসআই) মোঃ দেলোয়ার হোসাইন, শাহিনুল বারি, শাহাদাত হোসাইন, হায়দার আলী, বিশ্বজিৎ এ অভিযানে অংশ গ্রহণ করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুৃমন চন্দ্র রায় জানান, মোস্তফা দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে একাধিক মাদক মামলার আসামি। এর আগেও একাধিকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।