ফলোআপঃ
সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার পরিক্ষাগারে প্রমাণিত
# নির্মান সামগ্রী পরিবর্তনের নির্দেশ #
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। ময়মনসিংহে এলজিইডির নিজস্ব ল্যাবে এ পরীক্ষা করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কে ব্যবহৃত মালপত্র পরিবর্তনের নির্দেশ দিয়েছে এলজিইডি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বর্মন দেব।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আইআরআইডিপি প্রকল্পের আওতায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্যাদেশ দেয়া হয়েছে গত বছর ১ ডিসেম্বর। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা ছিলো। কাজটি বাস্তবায়ন করছে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান পিএইচ এন্টারপ্রাইজ।
অভিযোগ আছে, বালুর পরিবর্তে দেয়া হয়েছে ভিটবালু ও রাবিশ মিশ্রিত নিম্নমানের খোয়া। এছাড়াও পুরো কাজে ব্যবহার করা হয়েছে তিন নম্বর ইট।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বর্মন দেব বলেন- সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ ছাপা হলে ময়মনসিংহ এলজিইডির প্রধান প্রকৌশলী স্যারের নির্দেশে তা ল্যাব টেস্ট করা হয়। রিপোর্টে মালামালের গুণগত মান নিম্নমানের প্রমাণিত হয়েছে। সড়কে ব্যবহৃত সকল মালপত্র পরিবর্তনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পিএইচ এন্টারপ্রাইজকে নির্দেশ দেয়া হয়েছে।
স/বি

