ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টেস্ট দলে দুই নতুন মুখ, অধিনায়ক লিটন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৪, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

টেস্ট দলে দুই নতুন মুখ, অধিনায়ক লিটন

রাহুল রাজ || সাকিব আল হাসানের পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলকে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলছিল অনেক আলোচনা।

গণমাধ্যমে এসেছিল, সহ-অধিনায়ক লিটন দাস সাদা পোশাকে অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছিলেন না। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই অধিনায়কত্ব নিয়ে বাড়তি চিন্তা করতে চাচ্ছিলেন না।

কিন্তু ডানহাতি ব্যাটসম্যানকে নিয়েই চলছিল আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনানুষ্ঠিত ঘোষণাও দিয়ে দিয়েছিলেন, লিটনই হবেন অধিনায়ক। সেই পথেই এগিয়েছেন নির্বাচকরা। গতকাল ১৫ জনের ঘোষিত দলে লিটনকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে।

অধিনায়কত্ব নিয়ে নির্বাচকদের সঙ্গে লিটনের আগেভাগে কথাও হয়েছে। বাংলাদেশের দ্বাদশ অধিনায়ক হতে লিটন কোনো আপত্তি তোলেননি। বরং সাদা পোশাকে অধিনায়কত্বে গর্ব খুঁজে পাচ্ছেন।

জাতীয় নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু সেই কথা বললেন গণমাধ্যমে, ‘টেস্টে অধিনায়কত্ব করা বিরাট ব্যাপার। বিরাট সম্মানের একটা জায়গা। এই জায়গা থেকে আমি মনে করি লিটন টিমের সামনে থেকে দলকে লিড দেবে।’

এর আগে ওয়ানডেতে লিটন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ভারতের বিপক্ষে হোম সিরিজে তামিম ইকবালের ইনজুরির কারণে অনুপস্থিতির সময়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে লিটনের অধিনায়কত্ব প্রশংসিতও হয়েছিল।

এবার সাদা পোশাকে অধিনায়ক লিটনের অভিষেকের পালা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।

মিরপুরে ১৪ জুন আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। একমাত্র টেস্টের জন্য রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরি থাকায় খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান। এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি।

ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করায় দিপু ও মুশফিককে প্রথমবার জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ২১ বছর বয়সী দিপুর ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করতে পারেন বলে এরই মধ্যে নজর কেড়েছেন দিপু।

ব্যাটিং পরিসংখ্যানও প্রশংসনীয়। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে। মুশফিকের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবে মাত্র এক বছর হলো।

২০ বছর বয়সী পেসারকে বেশ প্রতিশ্রুতিশীল মনে করছেন নির্বাচকরা। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলছে। ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন। রয়েছে ৩টি পাঁচ উইকেটও। দুজন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। সেখানে ভালো করায় জাতীয় দলের দুয়ার খুলে গেছে।

বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।