কেন্দুয়ায় চালককে অজ্ঞান করে অটোরিক্সা চুরির চেষ্টা, ২ চোর আটক
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালককে চেতনা নাশক কিছু খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা চুরি করতে গিয়ে হারুন মিয়া ও শাহ আলম নামে ২ চোরকে আটক করেছে কেন্দুয়া থানার পুলিশ।
ধৃত হারুন মিয়া ওরফে ফারুক (৩৬) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শাহ আলম একই উপজেলার দিঘালিয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে। রোববার (২৬ মার্চ) কেন্দুয়া থানায় মামলা হওয়ার পর ২ চোরকে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প¦ার্শবর্তী মদন উপজেলার জাওলা গ্রামের অটোরিক্সা চালক তাজিম উদ্দিন শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় তার অটোরিক্সা নিয়ে বের হলে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে কেন্দুয়া আসার কথা বলে ধৃত চোরদল গাড়িতে উঠে। অটোরিক্সাটির পিছনে পিছনে চোর চক্রের একটি সিএনজিও আসতে থাকে। পরে কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজারের কাছে এলে অটোচালককে কৌশলে চেতনা নাশক কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে।
পরে চোর চক্র অটোচালকে সিএনজিতে তুলে একটি ব্রিজের কাছে নিয়ে ফেলে যাওয়ার সময় পথচারীরা সন্দেহবশত ধাওয়া দিয়ে হারুন ওরফে ফারুক ও শাহ আলমকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় অটোরিক্সা চালকের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন।
এজহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদিকে আহত অটোচালক তাজিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ১নং আসামী হারুন মিয়া ওরফে ফারুকের নামে বিভিন্ন থানায় অটোরিক্সা চুরির ৫টি মামলা রয়েছে। চোর চক্রের অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
স/বি

