ভালুকায় শেখ রাসেল স্টেডিয়ামের জমি দখলের অভিযোগে থানায় মামলা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মৌজায় শেখ রাসেল স্টেডিয়ামের জন্য বরকৃত ১৫০ নং দাগে ১/১ নং খাস খতিয়ানে সরকারী জমি জবর দখল করে বাড়ী নির্মানের অভিযোগ উঠেছে। এঘটনায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস বাদী হয়ে ৫ নভেম্বর ভূমি দখলদারদের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,হাবরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে শেখ রাসেল স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি জবর দখল করে বাড়ী নির্মান কাজ করে যাচ্ছেন স্থানীয় আব্দুল আজিজ,বাবুল মিয়া,কাশেম,রহম আলী, মজিবর রহমান, রফিকুল, সবুজ মিয়া, মিঠু,আহাম্মদ ফাইজ উদ্দিন, আক্কাস আলী, হাবিবুর রহমান ও আবেদা খাতুন গংরা। জামিরদিয়া মৌজায় ১৫০ নং দাগে মোট জমি রয়েছে ১শত ৬৬ একর যার মাঝে ১/১ নং খাস খতিয়ানে সরকারী জমি ১ শত ২ একর এই জমি থেকে ৩ একর জমি দেয়া হয়েছে শেখ রাসেল স্টেডিয়ামের নামে। এর মাঝে জবর দখল করে ২০/২২ টি ঘর তৈরী করা হয়েছে। গত রবিবার দিন হবিরবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েকটি ঘরের নির্মান কাজ বন্ধ করে দেন।
অভিযুক্ত মিঠু জানান, জমির দাগ খতিয়ান বলতে পারবো না,আমি জমি ক্রয় করে বাড়ী নির্মান করছি।
মজিবর রহমান জানান,পুর্ব পুরুষ হতে এ জমি ভোগ দখলে আছি। যখন স্টেডিয়াম এর জায়গার প্রয়োজন হবে তখন ছেড়ে দিবো। হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস জানান, শেখ রাসেল স্টেডিয়ামের জমি জবর দখল করে ওই জমিতে ঘর তোলা শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেই এবং দখলদার ১৫ জনের বিরুদ্ধে উচ্ছেদ এর জন্য ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একটি মামলা দায়ের করেছি।
উল্লেখ্য এর আগে ৮ মার্চ ২০২২ইং তারিখে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করি। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান,সরকারী জমি জবর দখলের অভিযোগে মামলা নিয়ে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী জানান, হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একটি প্রতিবেদন পাঠিয়েছে আমি ডিসি স্যারের কাছে পাঠিয়ে দিব উচ্ছেদের জন্য। সরকারী জমি যাতে কোন ভাবেই বেহাত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখবো। তাছাড়া ও হবিরবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দখলদারদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় আরো একটি মামলা করতে বলেছি।
স/বি

