সখীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক পাঁচজন
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমিজমার বিরোধের জের ধরে সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার কামালিয়াচালা এলাকায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের সময় ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮) আহত হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবর আলী (৬৫) ও ছেলে নাজিম (৩৮) সখীপুর থানায় উল্টো ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে আসলে রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরা (৪০)সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ফালু মিয়া ও তাঁর বড় ভাই বাবর আলীর সঙ্গে ১৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও একাধিক মামলা চলমান। আজ সকালে বাবর আলীর ছেলে জাফর ও নাজিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে ফালু মিয়ার বাড়িতে হামলা করেন। তাঁরা ফালু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে বাড়িতে থাকা অন্যান্যদের কুপিয়ে আহত করেন তাঁরা। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফালু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর অভিযুক্ত জাফর ও নাজিম গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি।
জানতে চাইলে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির আলী বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ ছিল।
এবিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
স/এষ্

