লালমনিরহাটে তাবলীগ জামাতে গিয়ে নিখোঁজ হাফেজ রাব্বীর ১৬দিনেও সন্ধান মেলেনি
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটে মাদ্রাসার শিক্ষকের সাথে তাবলীগ জামাতে গিয়ে নিখোঁজ হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী, ১৬ দিনেও সন্ধান মিলেনি। নিখোঁজ রাব্বীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট- বুড়িমারী মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ বলেন, উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী,উক্ত মাদ্রাসার ২ জন শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলামের মাধ্যমে ডাউয়াবাড়ী ইউনিয়নের সোহাগের বাজার এলাকায় তাবলীগ জামাতে যান এবং গত ৭ জুলাই সেখানে নিখোঁজ হয়।
পরে রাব্বীর পরিবারকে জানানো হয় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে রাব্বী নিখোঁজ হয়েছে। হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী সিঙ্গিমারী গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই দিন রাব্বীর পরিবার স্থানীয় থানায় একটি নিখোঁজের জিডিও করেন। তবে তার পরিবারের দাবী রাব্বীকে নিখোঁজের নাটক করে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় ১৭ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলীআদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করে রাব্বীর বাবা রশিদুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিলেও এখন পর্যন্ত রাব্বীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার ২২ জুলাই যোগাযোগ করা হলে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, আদালতের আদেশে অভিযোগটি নতিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স/এষ্

