নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও এসএসসি’র বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উপর মিথ্যা চোরের অপবাদের প্রতিবাদে প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে সোমবার বেলা ১১টা থেকে বিক্ষোভ মিছিল নাখারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বিদায়ী শিক্ষার্থী আল-আমিন, ফুয়াদ, রাব্বি প্রমুখ।
শেষে বিদ্যালয় মাঠে ব্যানার হাতে অবস্থান নেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের বহিস্কারসহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান তোলেন। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হলে চুরির ঘটনার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য ওই বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব আনুষ্ঠানিক উদ্বোধন না হতেই চলতি মাসের ৩ জুন (শুক্রবার) তালা ভেঙ্গে ১৭টি ল্যাপটপের মধ্যে ৮ টি ল্যাপটপ, মাউস ও কীবোর্ড চুরি হয়ে যায়। এ বিষয়ে নাগেশ^রী থানায় লিখিত অভিযোগ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ২০২২ সালের এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উপর দোষ চাপায় প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মানববন্ধন কর্মসূচি হাতে নেন।
স/এষ্

