সখিপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পেট্রোল পাম্প এলাকায় বাসচাপায় করিম মিয়া (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার (২৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম সখিপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত একিন আলীর ছেলে।
এ দুর্ঘটনা বিষয়ে স্থানীয়রা জানায়, করিম মিয়া রবিবার সকালে সিএনজি যোগে সখিপুর থেকে বাড়ি ফেরার পথে কচুয়া পেট্রোল পাম্প এলাকায় যাওয়ার জন্য বের হয়।
কচুয়া পেট্রোল পাম্প এলাকায় আসলে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় সখিপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরে বাস চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
স/এষ্

