তৃনমূল নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করবেন -বেগম আশানুর বিশ্বাস
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেছেন, তৃনমূলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে দলকে সুসংগঠিত করা হবে এবং ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে। আগামীতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে অবশ্যই দলের কমিটিতে প্রকৃত নেতা কর্মীদের স্থান দিতে হবে।
দলের ভিতর গ্রুপিং লবিং করে দলকে ক্ষতি করার কেউ চেষ্টা করলে তাকে সকলেই মিলে প্রতিহত করতে হবে। সকলকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শ মেনে দল করতে হবে। আগামী নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে তাকে পূনরায় প্রধান মন্ত্রী নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু স্কোয়াডে পুুস্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
বেলকুচি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমানিকের সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ মীর্জার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরহাদ আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

