সখিপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির কমিটি গঠন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) সখিপুর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবুল কাশেম ও সদস্য সচিব মোঃ আব্দুস সালাম চাকলাদারের যৌথ স্বাক্ষরে ১৭মে কমিটি দুইটির অনুমোদন দেওয়া হয়েছে এবং ২২ মে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে সখিপুর উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের হাতে এ কমিটি তুলে দেওয়া হয়।
জাতীয় পার্টি সখিপুর উপজেলা ও পৌর কমিটি সূত্রে জানা যায়, উপজেলা কমিটিতে আব্দুস সামাদ শিকদারকে আহ্বায়ক, সাতজন যুগ্ম-আহ্বায়ক ও মোঃ আয়নাল হক সিকদার সদস্য সচিব হিসেবে মনোনীত করে ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পৌর কমিটিতে আজহারুল ইসলাম মাস্টারকে আহ্বায়ক, ছয়জন যুগ্ম-আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে ৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এবিষয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ সিকদার বলেন, সখিপুর উপজেলা ও পৌর কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় জাতীয় পার্টি ও জেলা জাতীয় পার্টিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই নবগঠিত কমিটির মাধ্যমে সখিপুর উপজেলার তৃণমূল থেকে জাতীয় পার্টির কার্যক্রমকে আরো বেগবান করে টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে পারব বলে আশা করছি।
স/এস্

