উত্তরায় ‘স্টারলাইন’ বাসের ধাক্কায় স্কুটি চালক নিহত: বাস জব্দ
এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরায় ‘স্টারলাইন’ যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুটি চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ লোকমান হোসেন শরীফ (৪৪)।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উত্তরা- বিমানবন্দর সড়কের উত্তরা পূর্ব থানার জসিম উদ্দিন রোডে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আজ বিকেলে ডিএমপি’র উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, উত্তরা পূর্ব থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মোহাম্মদ লোকমান হোসেন শরীফ নামে এক ব্যক্তি জসিম উদ্দিন রোড দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন।
এসময় একই সড়কে ‘স্টার লাইন’ নামে একটি যাত্রাবাহী বাস ওই স্কুটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে স্হানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ উত্তরা ১ নং সেক্টর জাহানারা ক্লিনিক ও হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মহি উদ্দিন জানান, তার মামা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাঁদপুর জেলায় তার গ্রামের বাড়ি। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে উত্তরখান থানার মাদারবাড়ি এলাকায় থাকতেন।
ওসি মো, জহিরুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক স্টারলাইন বাসটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
এব্যাপারে আজ উত্তরা পূর্বথানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স/এস্

