সখিপুরে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবলীগ নেতা পেটালেন আওয়ামী লীগ নেতাকে
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে পিটিয়ে আহত করেছেন একই ইউনিয়ন যুবলীগের আহবায়ক সানোয়ার খান শরীফ। আহত আওয়ামী লীগ নেতা কামাল হোসেন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
(২৭ এপ্রিল)মঙ্গলবার রাত ৯টার দিকে সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন,মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে যুবলীগ নেতা সানোয়ার খান শরীফ আমাকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৫/৬জন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমার নাক ও মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মাঠের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন লোক কান্না শুনে দৌড়ে এসে আমাকে উদ্ধার করে। সানোয়ারসহ অন্যান্যরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করেছিল।
কামাল হোসেন আরও জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
বহুরিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সানোয়ার খান শরীফ বলেন,টাকা দাবি করার বিষয়টি সত্য নয়, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা কথা বলে মিটিয়ে নিয়েছি।
বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন,টাকাপয়সার বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি তেমন কিছুই না, সামান্য একটু অপ্রীতিকর ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন জানিয়েছেন, কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওই এলাকায় ছোট একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্পের টাকা নিয়েই মূলত ওই আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
স/এষ্

