আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে -লাবু চৌধুরী
আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জয়বাংলা বিশ্বরোড মোড়ে এ কর্মী সভার আয়োজন করে চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধরী।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন করা হয়।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আঞ্জুয়ারা বেগম সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ব্যক্তিগত কোন্দল বাদ দিয়ে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ও সৈয়দা সাজেদা চৌধুরীর হাতকে। দলের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক দল। আপনারা সকলে মাঠে থেকে কাজ করবেন। বিগত দিনে আপনারা যেমন আপনাদের প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন।

