বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান ফরিদপুরে প্রেপ্তার
আবু নাসের হুসাইন, ফরিদপুর: আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান হোসেনকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইমরানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে অফিসার-ফোর্স সহ গতকাল মঙ্গলবার রাতে জেলার সদরপুর থানার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরান হোসেন ওরফে ইমরান, পিতা- আব্দুল জলিল, মাতা- সুফিয়া বেগম, সাং চর চাঁদপুর, থানা- সদরপুর জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই মামলায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক রায় ঘোষণা করেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আট জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
স/এষ্

