ভারত থেকে রেলপথে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি
মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে।
আগামী শনিবার পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে বলে মনে করছেন আমদানি কারক প্রতিষ্ঠান ও স্টেশন কতৃপক্ষ।
পণ্য চালানটির আমদানি মূল্য ১,০৭,৬৪০ মার্কিন ডলার। প্রতিকেজি আলুুর বাংলাদেশে আমদানি মূল্য ধরা হয়েছে প্রায় ২৮ টাকা।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, ভারত থেকে ট্রেন যোগে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। শনিবার আলু গুলো আনলোড করা হবে। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে।

