বোয়ালমারীতে অর্ধগলিত অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) সকালে ময়েনদিয়া- ফরিদপুর সড়কের দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা কাজ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পায়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ফসলি মাঠের পানি কাদায় লাশটি দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিলো।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, মরদেহটি অর্ধগলিত, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছেন, তারাও কাজ করছেন। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তারাও পৌঁছাবে। ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে।

