হিলিতে ছাগল চুরির অপবাদে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে গাছে বেঁধে অষ্টম শ্রেণী পড়ুয়া দুই কিশোরকে নির্যাতন করেছে হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের ইউপি সদস্য নাজমুল হাসান ও তার সহযোগীরা।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষুদ্ধ হন এলাকার লোকজন। দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। থানা পুলিশ অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করেছে।
শুক্রবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মোল্লাবাজার নামক এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার সৌরভ আলী (১৬) ও তার বন্ধু আরিফ হোসেন (১৭) নামে দুই কিশোরকে মধ্যযোগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এব্যাপারে খোজ নিতে এলাকায় গেলে এলাকাবাসীরা জানান ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধর করেন ইউপি সদস্য নাজমুল হাসান ও তার সহযোগীরা।
কথা হয় সৌরভ আলী এবং আরিফ হোসেনের পরিবারের সাথে। তারা জানান, আমাদের ছেলেরা যদি অপরাধ করেই থাকে তবে ইউপি সদস্য (মেম্বার) কেন তাদের এমন ভাবে নির্যাতন করলেন। আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।
এবিষয়ে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, আমরা শিশু নির্যাতনের ঘটনার খবর পেয়ে মোল্লা বাজার নামক এলাকায় গেছিলাম। সেখান থেকে দুই কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছি।
বর্তমানে তারা তাদের পরিবারের কাছে আছেন। দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নাজমুল হাসান নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
স/অ

