হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ইকবাল বাড্ডায় আটক
এস. এম. মনির হোসেন জীবন ।। রাজধানীর বাড্ডা থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ইকবাল’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল আনুমানিক ৫ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর বাড্ডা থানার আনন্দনগর এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আজ সোমবার দুপুর পৌনে ২ টায় র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি জানান, আটক আসামীর নাম মো. ইকবাল হোসেন (৩৫)। বরিশাল জেলার গৌরনদী থানার লক্ষণকাঠা গ্রামের আবুল কালাম বেপারীর পুত্র।
র্যাব সূত্র জানান, ২০০২ সালে ৩১ মে, বরিশাল জেলার গৌরনদী থানায় পেনাল কোড আইনে একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সে। ঘটনার পর থেকে সে দীর্ঘ দিন পালিয়ে আত্নগোপনে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বলে অকপটে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

