সালথায় দ্বিতীয় ধাপের গৃহ নির্মান কাজের উদ্বোধন
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথায় দ্বিতীয় পর্যায়ে স্বপ্ননীড়ে যাচ্ছে আরো ২’শ টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর। ইতিমধ্যে এসব নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গট্টি ইউনিয়নে নতুন ঘর তৈরি কাজের উদ্বোধন করেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।
জানা গেছে, উপজেলায় অল্প দিনের মধ্যেই বাড়ি আর জমির মালিক হবেন আরো ২’শ টি গৃহহীন পরিবার। তারা এখন নতুন ঘরে উঠার স্বপ্ন নিয়ে অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হচ্ছে। দৃষ্টি নন্দন ও সুনন্দিত প্রাকৃতিক পরিবেশে এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের মানও ভাল হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, ইউএনও ও এসিল্যান্ড নিয়মিত নির্মাণ কাজ পরিদর্শন করায় কাজের গুনগতমান অনেক ভাল হচ্ছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দুুই শতক জমিসহ গৃহহীনদের জন্য নতুন ঘর প্রদান করছেন। সালথায় আমরা প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর বরাদ্দ পেয়েছিলাম। সেটি যথাযথভাবে নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায় দ্বিতীয় ধাপে আরো ১৬৫টি নতুন ঘর পেয়েছি। সেটিরও নির্মাণ কাজ শেষ। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে এসব নতুন ঘর তাদের হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরো ২’শ টি নতুন ঘর বরাদ্দ পেয়েছি। সেগুলোর কাজ দ্রুত শেষ করে হস্তান্তর করা হবে।

