সখীপুরে সাংবাদিকের বিরুদ্ধে সমাবেশ, প্রতিবাদে সাংবাদিকদের মৌন মিছিল
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে মৌন মিছিল করেছে সাংবাদিকরা। রবিবার (৩১ জুলাই) বিকালে এ কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে ৩০ জুলাই সংবাদ প্রকাশের জের ধরে নতুন এমপিওভুক্ত ১১ বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সংসদ সদস্যের অনুসারীরা দুপুরে প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে।
এর প্রতিবাদে রোববার(৩১ জুলাই)বিকালে সখীপুর প্রেসক্লাবের আয়োজনে মৌন মিছিল কর্মসূচি পালন করে। মিছিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মোহাম্মদ শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
উল্লেখ্য,গতকাল (৩০ জুলাই) শনিবার দৈনিক প্রথম আলোতে “শিক্ষকের টাকায় সংবর্ধনা” শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর নতুন এমপিওভুক্ত ১১ বিদ্যালয়ের শিক্ষক ও সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ৩১জুলাই সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা এ ধরনের ন্যাক্কারজনক কর্মসূচি পালন করায় সখীপুর প্রেসক্লাব বেলা ১ টায় জরুরি সভা ডাকেন।
ওই সভায় ১১ বিদ্যালয় ও সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করে নানা কর্মসূচি হাতে নিয়েছেন সখীপুর প্রেসক্লাব।
স/এষ্

