সংগঠন বিস্তৃত করতে নতুন কৌশল গুরুচাঁদ সেনা দলের, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হলেন গুরুপদ বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি, বামুনগাছী: নির্বাচন-পরবর্তী দ্বিতীয় বৈঠককে ঘিরে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু করল ‘গুরুচাঁদ সেনা দল’ (GSD)। সম্প্রতি বামুনগাছীর বলাকা ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে গুরুপদ বিশ্বাসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে আন্দামান রাজ্য কমিটির সভাপতি পদে সুধীর বিশ্বাসের নামও ঘোষণা করা হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন গুরুচাঁদ সেনা দলের কেন্দ্রীয় সভাপতি সন্তোষ অধিকারী, সম্পাদক নির্মল অধিকারী সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। এ দিনের বৈঠক থেকে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি রাজ্য কোর কমিটিও গঠন করা হয়।
শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের সামাজিক সংস্কার, স্বনির্ভরতা এবং “পড়ো পড়ো, লড়ো লড়ো” আদর্শকে পাথেয় করে ২০২৩ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে এই রাজনৈতিক দলটি। সদ্য সমাপ্ত নির্বাচনে নতুন শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আশানুরূপ জনসমর্থন মেলায় নেতৃত্বের আত্মবিশ্বাস বহু গুণ বৃদ্ধি পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে নবনিযুক্ত রাজ্য সভাপতি গুরুপদ বিশ্বাস জানান, শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে সামনে রেখে তাঁদের আন্দোলন কেবল ধর্মীয় বা তাত্ত্বিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। অনগ্রসর ও শোষিত মানুষের প্রকৃত অধিকার ফেরানোই তাঁদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ‘মানবতার জয়, বিভেদে নয়’। নাগরিকত্ব সুরক্ষা, এসসি-এসটি সার্টিফিকেট জটিলতা নিরসন এবং পিছিয়ে পড়া সমাজকে স্বনির্ভর করে তোলাই আমাদের প্রধান অগ্রাধিকার। আগামী দিনে বিভেদের রাজনীতি দূর করে এই অধিকার আদায়ের লড়াইকে আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে দেব।”
দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই একটি সাংবাদিক সম্মেলন করে গুরুচাঁদ সেনা দলের আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা ও পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনকে রাজ্যজুড়ে আরও বিস্তৃত করার পাশাপাশি অধিকারভিত্তিক ইস্যুতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এই বৈঠক থেকে।


