লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়ি ধাওয়া করে জব্দ, আটক ২
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ গাড়িটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়।
সোমবার (১৬ জুন) সকালে কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হওয়ার পর থেকেই স্থানীয়দের সন্দেহ হয়। তাদের ধারণা ছিল, গাড়িতে করে সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছিল। পরে গাড়িটিকে ধাওয়া করে স্থানীয়রা। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া দেওয়ার পর কালীগঞ্জের কাকিনা এলাকায় গাড়িটি আটকে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ‘সোমবার ভোরে খবর পাই, স্থানীয়রা একটি দামি গাড়িকে ধাওয়া করে কাকিনায় আটকে রেখেছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করি এবং এর চালক ও সহকারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করি।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের মালিকানাধীন।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

