রাজধানীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত
এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর আদাবর বেরিবাঁধ সুনির বিল হাউজিং এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রতন হোসেন (২১)।
তিনি পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-১ এ- এসপিবিএন কর্মরত ছিলেন। নিহত রতন মানিকগঞ্জ জেলার সদর থানার নুরুল ইসলামের পুত্র।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর স্লুইচগেট সংলগ্ন বেরিবাঁধ সুনির বিল হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে স্হানীয়রা উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রতন হোসেন পুলিশের এসপিবিএন কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি সিভিল ড্রেসে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে আদাবর স্লুইসগেট সংলগ্ন বেরিবাঁধে গরুবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই গরুবাহী ট্রাকটি দ্রুতগতিতে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী জানান, আজ সকালে আদাবরের বেড়িবাঁধে গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রতন হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মারা গেছে।
তিনি আরও বলেন, চালক ও হেলপার ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। আমরা তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। নিহত রতন হোসেন পুলিশের স্পেশাল প্রটেকশন ব্যাটেলিয়ন-১ এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/এষ্

