রমনায় মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়া প্রবাসী নিহত, আটক-২
মো: শফিকুল ইসলাম ।। রাজধানীর রমনার কাকরাইলে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহতের নাম যোসেফ গমেজ (৫৬)। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মোলাশীকান্দা গ্রামের মৃত গিলবার্টের পুত্র। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। এ ঘটনায় মোটরসাইকেল চালক রেদওয়ান (২২) এবং আরোহী জুনায়েদ হোসেন শাহেলকে (২১)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রমনা পার্কের ভিআইপি গেটের সামনে সুগন্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্হায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই জনি গমেজ জানান, যোসেফ স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থাকেন। গত ৩ মাস আগে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে কাকরাইলের সার্কিট হাউজ
সেক্রেটারি রোড জনির ভাইয়ের বাসায় ছিলেন।
আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল তার।
এদিকে, আজ ডিএমপি রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জল হোসেন জানান, কাকরাইলের রমনা থানার রমনা পার্কের ভিআইপি গেটের সামনে সুগন্ধা মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন অস্ট্রেলিয়া প্রবাসী যোসেফ গমেজ নামে ওই ব্যক্তি। এ সময় মোটরসাইকেল চালক রেদওয়ান ও আরোহী জুনায়েদ হোসেন শাহেলকে নিচে পড়ে সামান্য আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক ও আরোহীকে পুলিশ আটক করেছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/এষ্

