মিরপুরে বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ পিস অনিবন্ধিত চোরাই- নকল মোবাইল জব্দ : গ্রেফতার-১
এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীর মিরপুরের বাগদাদ শপিং কমপ্লেক্স অভিযান চালিয়ে ১২৬ পিস অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইলসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতের নাম মো, আবুল হাশেম (৪৩)।
আজ রোববার র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) এএসপি মো. মাজহারুল ইসলাম এ সব তথ্য জানান।
র্যাব-৪ এর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ জানতে পারে, রাজধানীর মিরপুর-১, বাগদাদ শপিং কমপ্লেক্স’র দোকান মালিক মো আবুল হাশেম (৪৩) একজন অসাধু মোবাইল ব্যবসায়ী।
যিনি সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনের পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।
পরবর্তীতে এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে র্যাব-৪ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধিসহ সেই দোকানে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৬ পিস অনিবন্ধিত ও নকল মোবাইল ফোন ও পার্টস উদ্ধার করে। জব্দকৃত মালামালের বাজার বাজার মূল্য ১২ লাখ টাকা বলে জানা গেছে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জানান, র্যাবের অভিযানকালে বিটিআরসির প্রতিনিধিদল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে ১২৬ পিস মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি চোরাই পথে আমদানিকৃত ঘোষণা করেন।
এএসপি মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অনিবন্ধিত চোরাই মোবাইল ফোন ও ফোনের পার্টসের অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

