-
ভারী বৃষ্টিতে গৌরীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব– একদিনের ভারী বর্ষণে ময়মনসিংহের গৌরীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ডুবে গেছে হাজার হাজার পুকুর। এছাড়াও চৌদ্দশত হেক্টর ফসলি জমি ও ১০০ হেক্টর সবজির বাগান নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। বিভিন্ন গ্রামের ৮০ ভাগ সড়ক আজও ডুবে আছে পানির নিচে। এতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে টানা ভারী বর্ষণে গৌরীপুরে হাজার হাজার পুকুর ডুবে যায়। ডুবে গেছে ফসলি জমি, সবজি বাগান ও অসংখ্য সড়ক, এতে পানি ঢুকে যায় বাসা-বাড়িতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন মৎস্য চাষীরা।
বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের আঃ গণি মৎস্য হ্যাচারী এন্ড নার্সারীর স্বত্বাধিকারী মোঃ আজিজুল হক বলেন- ১৪টির মধ্যে তাঁর ১০টি পুকুর ডুবে গেছে, পাড়ের উপর দুই ফুট পানি, নিঃস্ব হয়ে গেছেন তিনি। আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর।
মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস জানান- বাড়ির পাশে দুইটি পুকুরে ৪ লাখ শিং মাছ চাষ করেছিলেন, এ মাসেই বিক্রির কথা, পুকুরগুলো রাতের বৃষ্টিতে ডুবে গেছে। প্রায় ২৫ লাখ টাকার মাছ চলে গেছে তাঁর।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান- বৃহস্পতিবার দিনগত রাতের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে অনেক পুকুর ডুবে গেছে, ফসলি ও সবজির জমি নষ্ট হয়েছে। আমরা শুক্রবার ও শনিবার দুপুর পর্যন্ত একটি প্রাথমিক জরিপ করেছি।
এতে দেখা গেছে- ২৭৪ কোটি টাকার মাছ, ১৪শত হেক্টর ফসলি জমি ও ১০০ হেক্টর সবজি চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

