ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে এবার মৎস্যজীবীলীগ নেতার অস্ত্র তাক করা ছবি ভাইরাল!

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে এবার মৎস্যজীবীলীগ নেতার অস্ত্র তাক করা ছবি ভাইরাল!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ।।ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলা শাখার ১নং যুগ্ম আহবায়ক পরশ সিকদারের অস্ত্র তাক করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ভাইরাল হওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং উত্তরাধিকার ৭১ নিউজ সম্পাদক প্রবীর সিকদার তার ফেসবুক পেজে ওই মৎস্যজীবী লীগ নেতার পিস্তল প্রদর্শনের ছবিসহ একটি স্ট্যাটাস দেন। তাতে লেখেন, ‘অস্ত্র নিয়ে গবেষণা করা অপরাধের কিছু নয়! এটা নয় নতুন কিছুও!’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের একাধিক নেতার একের পর এক এভাবে পিস্তল উঁচিয়ে কিংবা পিস্তল পকেটে গুঁজে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনেও আতঙ্ক দেখা দিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ১ নং যুগ্ম আহবায়ক পরশ সিকদার বলেন, আমার পরিচিত একজন মাছচাষী ঈগলের হাত থেকে মাছ রক্ষার জন্যে একটা ভালো ইয়ারগান ক্রয়ের উদ্দেশ্যে আমাকে নিয়ে ঢাকায় অস্ত্রের দোকানে যায়। সেখানে আমি একটা পিস্তল নেড়েচেড়ে দেখার সময় আমার আওয়ামী পরিবারের একজন ছবিটা তোলে। দীর্ঘ পাঁচ বছর পর অসৎ উদ্দেশ্যে সে ছবিটা ফেসবুকে ভাইরাল করেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি ছবিটি দেখি নাই। তবে জনৈক ব্যক্তির নিকট থেকে শুনেছি,অন্যের সাথে গিয়ে অস্ত্রের দোকানে সখ করে পিস্তল দেখার সময় অন্যজন ছবিটি তুলেছে।

এর আগে গত ২৫ মার্চ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জনমনে আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদি হয়ে এ মামলাটি করেন। তবে সুদেব সিং ওরফে শুভ্রদেব সিং দাবি করেছেন, পিস্তলটি খেলনা। স্থানীয় একটি মেলা থেকে পিস্তলটি কেনা।

কোমরে পিস্তল গুঁজে সুদেব সিং ওরফে শুভ্রদেব সিংয়ের ফেসবুকে ছবি পোস্টের ঘটনার রেশ কাট‌তে না কাট‌তেই একই কায়দায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দিয়ে সমালোচিত হন ফারদিন মাশরাফি নামের এক কলেজ ছাত্র। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও সাতৈর গ্রামের মো. আবুল হাসানের ছেলে। ওই কলেজছাত্র ফারদিন মাশরাফি ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো, হতাশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফারদিন মাশরাফি বলেন, ‘ওটা একটা খেলনা পিস্তল। গত ১৬ মার্চ কলেজ থেকে পিকনিকে গিয়ে ছবিটি তোলা। আজ কি যেন মনে হলো তাই ছবিটি আমার ফেসবুক আইডিতে ছেড়েছি। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি। তবে আমার ভুল হয়েছে। ক্ষমা করে দেন।’

স/এষ্