বিশ্বকাপের সবচেয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া
রাহুল রাজ ।। বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। প্রত্যাশা ছিল, না হারালেও অন্তত অজিদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে ডাচরা।
এমনটাই প্রত্যাশা ছিল। তবে বিশ্বকাপের ২৪তম ম্যাচে হলো না কিছুই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। বরং বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জাই পেতে হয়েছে তাদের।
অজিদের কাছে নেদারল্যান্ডস হেরেছে ৩০৯ রানে। ৪০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা নেহায়েত মন্দ হয়নি ডাচদের। দুই ওপেনার ম্যাক্স ও’ ডড এবং বিক্রমজিৎ সিং শুরু করেছেন ভালোভাবেই।
৪ ওভারে রান উঠেছিল ৭ এর উপরে। তবে ওটুকুই ছিল বলার মত। ৫ম ওভারে ম্যাক্সকে সরাসরি বোল্ড করে ধ্বংসযজ্ঞের শুরু করেন মিচেল স্টার্ক। ৯ রান আর এক ওভার পর আবার উইকেটের পতন।
ম্যাক্সওয়েলের দুর্দান্ত রানআউটে সাজঘরে ফেরেন বিক্রমজিৎ। ১০ রান পর আরও একবার উইকেটের পতন। এবার অধিনায়ক কলিন অ্যাকারম্যান ফিরে গিয়েছেন জশ হ্যাজেলউডের বলে লেগ বিফোরের শিকার হয়ে। আর ৫৩ রানে নির্ভরযোগ্য বাস ডি লিড আউট হলে ডাচদের পরাজয় হয়ে যায় সময়ের ব্যাপার।
৫৩ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচে আর খুঁজে পাওয়া যায়নি কমলা শিবিরকে। সাইব্যান্ড অ্যাঙ্গেলব্রাখট, তেজা নিদামানুরু কেউই টিকতে পারেননি এমন বোলিং তোপের সামনে। ৮৪ থেকে ৯০ এই ৬ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় ডাচরা।
মাঝে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। যদিও শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাকে। ডাচদের ইনিংসে বিক্রমজিৎ সিং ছাড়া ২০ এর বেশি রান করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত মাত্র ৯০ রানেই অলআউট হয়ে ৩০৯ রানের পরাজয় বরণ করতে হয় তাদের।
এটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, এবং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩য় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। এর আগে, দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেডারল্যান্ডসের সামনে পাহাড় সমান ৪০০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই অজি ব্যাটার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি মার্শ। ৯ রানে এই ওপেনার আউট হলে, পিচে এসে ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন স্টিভ স্মিথ। ৬৮ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন ডেভিড ওয়ার্নার।
তাকে যোগ্য সঙ্গ দেন মার্নাস লাবুশেনে। ৪২ বলে নিজের ফিফটি করেন লাবুশেনে। ৬৭ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলেও ৯১ বলে আসরের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার।
১২ বলে ১৪ রান করে জস ইনগ্লিস আউট হলে, ৯৩ রানে ১০৪ রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপর গ্রিন ৮ রানে আউট হলেও, ৪৪ বলে ১০৬ রানের মারকুটে ইনিংস খেলেন গ্লেন ম্যাকওয়েল।
৪০ বলে আসরের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন এই অজি ব্যাটার। যার ফলে ম্যাচ সেরা গ্লেন ম্যাকওয়েল। শেষ দিকে প্যাট কামিন্সের অপরাজিত ১২ রানে ভর করে ৩৯৯ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া।
নেডারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন লোগান ভ্যান বীক। এছাড়াও ব্যাস ডে লীডি দুইটি ও আরিয়ান দত্ত একটি করে উইকেট শিকার করেন।
স/এষ্

