বিপুল পরিমান ইয়াবাসহ টঙ্গীতে মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আউচপাড়া এলাকার ইম্পোরিয়াল হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ আমান উল্লা (২০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমান উল্লা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আচারগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পশ্চিম থানা পুলিশের এসআই এসএম মেহেদী হাসান জানান, আউচপাড়া মোক্তারবাড়ি রাস্তার মাথায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইম্পোরিয়াল হাসপাতালের সামনে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যাবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের জিপারে থাকা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মোক্তারবাড়ি এলাকার হাজি আক্কেল আলী রোডে ভাড়া বাসায় থেকে টঙ্গী পশ্চিম, পূর্ব ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স/এষ্

