বিদেশগামী কর্মীদের করোনা টিকা প্রাপ্তির লক্ষ্যে বিএমইটি নিবন্ধন চলছে সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জবাসীর জন্য অনেকটা সুখবরই বলতে হবে। আর সেটা হচ্ছে সুনামগঞ্জ শহরতলীর হালুয়ারগাঁও গ্রামে অবস্থিত সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে জেলার বিদেশগামী কর্মীদের বিএমইটি নিবন্ধন শুরু হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত হচ্ছে এই কেন্দ্রটি। শুরুতে গত ৩১-১২-২০১৮ইং হতে এই কেন্দ্রে বিদেশগামী কর্মীদের জন্য ৩ দিনব্যাপী পিডি পার্চার ওরিয়েন্টেশন কোর্স কার্যক্রম শুরু হয়েছিল।
এ পর্যন্ত এই কেন্দ্র হতে বিভিন্ন দেশে গমনের উদ্দেশ্যে প্রায় ৯ হাজার ৭শত ১৩ জন কর্মী প্রশিক্ষণ গ্রহন করেছে। সুনামগঞ্জ জেলার প্রবাসীরা এখন থেকে করোনা টিকা গ্রহনের জন্যও বিএমইটি নিবন্ধন সেবা গ্রহন করছেন এই কেন্দ্র থেকে। গত ২ রা জুলাই শুক্রবার হতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮৫ জন বিদেশগামী নাগরিকের বিএমইটি নিবন্ধন সম্পন্ন হয়েছে।
আগামী মাস পর্যন্ত প্রায় ৫৯১ জনের আবেদন ক্রমিক নাম্বারের সিরিয়্যালে আছে। যা পর্যায়ক্রমে চলমান প্রক্রিয়ায় থাকবে। এর ফলে এখন থেকে সুনামগঞ্জ জেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধনের জন্য সিলেট জেলা কর্মসংস্থান অফিসে যেতে হবেনা। পরবর্তীতে ফিঙ্গার কার্যক্রমও সুনামগঞ্জে সম্পন্ন হবে।
বিদেশগামী কর্মীরা ইচ্ছে করলে ঘরে বসে আমি প্রবাসী এ্যাপস এর মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে বিএমইটি বরাবর বিকাশে ও নগদ এ্যাপ এর মাধ্যমে ৩ শত টাকা বিল পেমেন্ট সম্পন্ন করতে হবে।
অথবা যার যার পাসপোর্টের বিপরীতে নগদ,বিকাশ,রকেট কিংবা শিওর ক্যাশ এ্যাপ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বিল পে প্রবেশের পর বিএমইটি লিখবে। তারপর মোবাইল ও পাসপোর্ট নাম্বার আসবে। নাম্বারগুলি দেয়ার পরে ২ শত টাকার মাধ্যমে অনলাইন পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ট্রান্সজেকশন আইডি নাম্বার ও বিএমইটি নিবন্ধন ফরম পূরন করে পাসপোর্টের ফটোকপিসহ সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবে। সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ মোঃ আব্দুর রব জানান,২শত টাকার নিবন্ধন ফি ছাড়া অন্য কোন টাকা পরিশোধ বা কাউকে দেয়ার কোন প্রয়োজন নাই।
দালাল ও মধ্যস্বত্তভোগী প্রতারক শ্রেণির খপ্পরে না পড়ে সরাসরি সেবা গ্রহনের আহবান জানিয়েছেন তিনি। বিদেশগামী কর্মীদের করোনা টিকা প্রাপ্তির জন্য সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র হতে বিএমইটির আবেদন ফরম সংগ্রহ করে নির্ধারিত ঐ ফরমটি যথারীতি পূরন করার পরে অফিসে জমা দিতে হবে।
অফিস থেকে নিবন্ধন নাম্বার সংবলিত প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহের পর অনলাইনে সুরক্ষা এ্যাপসে নিবন্ধনটি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সুরক্ষা এ্যাপস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টিকা গ্রহনের কেন্দ্র নির্বাচিত করা হবে। যার যার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে টিকা গ্রহনের কেন্দ্রের নাম ও স্থান জানানো হবে।
জানা যায়,সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এর মঞ্জুরীকৃত পদ হচ্ছে ৮০ টি। এর মধ্যে মাত্র একজন অধ্যক্ষ,২ জন শিক্ষক ও ২ জন দৈনন্দিন ভিত্তিক কর্মচারী নিয়োজিত রয়েছেন। তীব্র জনবল সংকট ও চলমান লকডাউন এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও দায়িত্বশীলরা।
বিদেশ হতে প্রত্যাগত কর্মী ও বিদেশ গমনে ইচ্ছুক কর্মী সবার জন্য বিভিন্ন তথ্য প্রাপ্তির লক্ষ্যে সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে হেল্পডেক্স খোলা হয়েছে। জরুরী প্রয়োজনে প্রয়োজনীয় মোবাইল নাম্বার ০১৭৭২-০০৩৫৪৫ এ যোগাযোগ করার জন্য উপকারভোগীদের প্রতি আহবান জানিয়েছেন অধ্যক্ষ মোঃ আব্দুর রব।
সীমিত লোকবলের মধ্যেও বিদেশগামী কর্মীদের করোনা টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বিএমইটি নিবন্ধন সুচারুরুপে পরিচালনা করায় সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি।
তারপরও আমাদের কর্মকর্তা কর্মচারীরা চলমান লকডাউনের মধ্যেও সেবা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি সেবামূলক কার্যক্রমের এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।
স/অ

