বাহির থেকে একটি চক্র শ্রমিকদের উস্কানি দিচ্ছে : শ্রম সচিব
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ।। গত ৫ আগস্টের পর বহু শিল্প মালিক দেশ থেকে পালিয়ে গেছেন। এ কারণে শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছে না। এর ফলে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
শ্রমিক কখনো তার কর্মস্থলে আগুন দিতে পারে না, বাহির থেকে একটি চক্র শ্রমিকদের উস্কানি দিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনে শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, এ কারণে শিল্প নগরীতে অসন্তোষ কাটছে না। পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার শতভাগ নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না। শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক, মালিকরা চাইলে পূরণ করতে পারেন। আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। ন্যূনতম মজুরি এখনই দ্বিগুন করার দাবি বাস্তবসম্মত কিনা, সেটাই আমার প্রশ্ন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল ইসলাম, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামসহ বিজিএমইএ কর্মকর্তা, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সম্মেলনের পর তিনি জাবের অ্যান্ড জোবায়ের গার্মেন্টস লিমিটেড কারখানা পরিদর্শন করেন।
স/এষ্

